বাংলাদেশের পাসপোর্ট থেকে নিষেধাজ্ঞা উঠায় সন্তোষ ইসরা‌য়ে‌লের

গেজেট ডেস্ক

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়ার ঘটনায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন। যদিও দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কোনো অগ্রগতি ঘটেনি।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেওয়াকে ‘অনেকটা বড় খবর’ বলে উল্লেখ করে তিনি লিখেন, বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে স্বাগত জানান।

সূত্র জানায়, বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। তবে নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘একসেপ্ট ইসরায়েল’ লেখাটি বাদ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশের পাসপোর্ট এখন ইসরায়েলসহ বিশ্বের সব দেশের ক্ষেত্রেই বৈধ।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে। তবে পাসপোর্টে এ সংশোধনী আনা হলেও ইসরায়েলের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের পাসপোর্টে কিছু পরিবর্তন আনা হয়। তবে ইসরায়েল বিষয়ে পাসপোর্টে পরিবর্তন হলেও কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। স্বাধীনতার পর বাংলাদেশকে ইসরায়েল স্বীকৃতি দিলেও তা প্রত্যাখ্যান করেছিল ঢাকা।

এদি‌কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন গণমাধ‌্যম‌কে বলেছেন, ‘আমরা আগের যে অবস্থানে ছিলাম সেই অবস্থানে আছি। ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পররাষ্ট্রনীতির পরিবর্তন করবে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক করতে যাচ্ছি, এটা ঠিক নয়। এটা যেটা হয়েছে, আমরা যখন নতুন পাসপোর্ট করি প্রায় ছয় মাস আগে ওখানে আলাদা একটা সিল লাগানো ছিল ‘ইসরায়েল’ ব্যতীত; এ রকম লাগানো দুনিয়ার অন্য কোনো পাসপোর্টে নাই। বাংলাদেশের পাসপোর্টটা ইউনিক ছিল, সে কারণে এটা সরিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার কোনো দেশে এমন সিল লাগানো নেই। আমাদের নতুন পাসপোর্ট যেগুলো হয়েছে, সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ডাইজড করার জন্য শুধু সিলটা বাদ দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ এবং ইসরায়েলের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন নাই।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন