মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

অবশেষে করোনামুক্ত রুহুল কবির রিজভী

গেজেট ডেস্ক

অবশেষে করোনার কাঙ্ক্ষিত নেগেটিভ রিপোর্ট পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেগেটিভ আসায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রিজভীকে আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।

এর আগে রিজভী করোনা আক্রান্ত হওয়ার পর পাঁচবার টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। ষষ্ঠবার পরীক্ষার পর নেগেটিভ রেজাল্ট এলো এই বিএনপি নেতার। শনিবার (১৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এই চিকিৎসক বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় এবং করোনার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তার চিকিৎসা চলছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, রিজভীর অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হয়েছে। তবে এখনো তাকে নরমালি অক্সিজেন দেয়া হচ্ছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

রুহুল কবির রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন