মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
নাইকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ জানুয়ারি

গেজেট ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বলেন, ‘আজ এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁকে আদালতে হাজির না করায় সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।’

২০১৭ সালে খালেদা জিয়া এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে জামিন নেন। এর আগে ওই বছরের ১৭ জুন মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

নথিতে বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম মামলা করেন। পরে ২০১৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন