দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজ পালনের জন্য নীতিমালার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত ডাক্তারদের দ্রুত বদলি করার ওপর জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যবৃন্দের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরবর্তী কার্যক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, সংস্থা, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হয়।
এসব সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়ন অগ্রগতি, জনবল কাঠামো, বাজেট বরাদ্দ, ভিশন, মিশন, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন কমিটির সামনে উপস্থাপন করা হয়।
উপস্থাপিত সার্বিক বিষয়ের ওপর বিশদ আলোচনায় অংশ নেন কমিটির উপস্থিত সদস্যরা। সার্বিক আলোচনা শেষে মন্ত্রণালয়ের বিভিন্ন সেবার মান বাড়াতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।
বিশেষ করে মসজিদগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, সরকারি অনুদানে হজের বিষয়টি সুশৃঙ্খল করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক স্থানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা চিকিৎসা কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার ব্যাপারে জোর দেন সংসদ সদস্যরা।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খুলনা গেজেট/এএজে

