গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি সরকারি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে পুখুরিয়া এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথিমধ্যে পূর্ব কথা কাটাকাটির জের ধরে ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

