গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার

রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গেজেট প্রতিবেদন

রামিসার মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘বিচার করবে আদালত, আমরা সব সহযোগিতা করবো।’

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, ‘কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিহত অপ্রতিমের সঙ্গে কিশোর অপরাধ চক্রের সদস্যদের চলাফেরা ও ওঠাবসা ছিল। তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়। প্রধান আসামি তুহিনের কাছ থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিনসহ সবাই হত্যার দায় স্বীকার করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, সারা দেশবাসী মর্মাহত। ১২ ঘণ্টার মধ্যে এ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার তদন্ত শেষে দ্রুত বিচার শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের পতন বহু বছর ধরে শুরু হয়েছে। সমাজের শৃঙ্খলা ফেরাতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে অপ্রতিম শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। শনিবার কুমিল্লার লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন