অবৈধ সম্পদে মামলার জালে ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন ও তার স্ত্রী-শ্যালক

গেজেট প্রতিবেদন

আট কোটি ৪ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ (অব.) ও তার স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলাগুলো দায়ের করা হবে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, অনুমোদিত প্রথম মামলায় ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে (অব.) আসামি করা হয়েছে। মামলায় ১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় শেখ মামুনের স্ত্রী নিগার সুলতানাকে আসামি করা হয়েছে। মামলায় ৫৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আর তৃতীয় মামলায় শ্যালক শেখ আনিমুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় ৫ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার ৮৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাগুলো দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ডিজিএফআইয়ের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের (অব.) বিরুদ্ধে শেয়ার ব্যবসায় করাসহ ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

দুদকের পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞার নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযোগগুলো অনুসন্ধান করে। টিম সদস্য সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলা তিনটি দায়ের করবেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন