মার্কিন কূটনীতিক সেজে প্রতারণা: সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র দূতাবাস

গেজেট প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে প্রতারণার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে এ ধরনের সন্দেহভাজন বা প্রতারণামূলক যোগাযোগ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মার্কিন দূতাবাস, বাংলাদেশের অফিসিয়াল পেজে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রদান করা হয়।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড কিংবা ব্যক্তিগত আর্থিক তথ্য (যেমন- ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড নম্বর) চাইবেন না।

প্রতারণা থেকে সুরক্ষায় দূতাবাস দুটি প্রধান নির্দেশনা দিয়েছে—
সাড়া দেবেন না: কেউ মার্কিন কূটনীতিকের পরিচয় দিয়ে যোগাযোগ করলে এবং টাকা বা তথ্য চাইলে তাতে সাড়া না দেয়া।

টাকা পাঠাবেন না: যেকোনো প্রলোভন বা অনুরোধের মুখে কোনো প্রকার আর্থিক লেনদেন না করা।

সাধারণ মানুষকে এ ধরনের ভুয়া আইডি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মার্কিন দূতাবাস।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন