গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আর্কিটেকচার বিভাগে শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস-পরীক্ষা ব্যাহত হওয়া ও সেশনজটের অভিযোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে তারা আন্দোলন শুরু করেন।
আন্দোলনের একপর্যায়ে দুপুর ১২টা থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে তার দপ্তরে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। রাত ১০টা পর্যন্ত টানা আট ঘণ্টারও বেশি সময় তিনি অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপাচার্যসহ ১০ জন শিক্ষার্থীকে নিয়ে আগামীকাল ইউজিসিতে আলোচনা ও সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
শিক্ষার্থীরা জানান, বিভাগে বর্তমানে মাত্র ৩ জন শিক্ষক কর্মরত আছেন, যা দিয়ে একাধিক ব্যাচের একাডেমিক কার্যক্রম চালানো অসম্ভব। এর ফলে দীর্ঘদিনের সেশনজট তৈরি হয়েছে। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১৬ জন শিক্ষকের লিখিত নিয়োগের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। দিনভর অবস্থান কর্মসূচির সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাঁদের গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “দায়িত্ব নেওয়ার মাত্র দুই সপ্তাহ হয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ বিভাগ থেকে এখনও কোনো ব্যাচ বের হতে না পারাটা দুঃখজনক। ইউজিসির অনুমতি সাপেক্ষে এই মাসের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী ও অস্থায়ী শিক্ষক নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে।”
খুলনা গেজেট/এএজে

