মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা বোর্ডের

গেজেট প্রতিবেদন

২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে শিক্ষকদের ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম (ই-টিআইএফ) সংশোধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ জন্য বোর্ডের আওতাধীন দাখিল ও আলিম স্তরের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি জরুরি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাদের নাম ই-টিআইএফ থেকে বাদ দিয়ে তা সংশোধন করতে হবে।

বোর্ড জানিয়েছে, ই-টিআইএফ সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে আগামী বছরের দাখিল ও আলিম পরীক্ষা উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ তৈরিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-টিআইএফের তথ্য হালনাগাদ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ই-টিআইএফ সংশোধনের কোনো সুযোগ নেই। ফলে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজেদের উদ্যোগে ই-টিআইএফ সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া যেসব শিক্ষক এখনো ই-টিআইএফে অন্তর্ভুক্ত হননি, তাদের তথ্য জরুরি ভিত্তিতে ই-টিআইএফে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন