রাজধানীতে পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

গেজেট প্রতিবেদন

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ রাজারবাগ পানির পাম্পের গলিতে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশের বন্ধু মো. হিরা জানান, পলাশ রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালাতেন, তবে বর্তমানে বেকার ছিল। সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিলেন। সন্ধ্যার দিকে এলাকার মাদক কারবারী ও রিকশা চোর রয়েলসহ কয়েকজন পানির পাম্পের গলিতে পলাশকে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন ও শরীরের একাধিক জায়গায় কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে প্রথমে মুগদা মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। পলাশ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভিপতি লিটন খানের সঙ্গে থাকতেন। গত এক সপ্তাহ আগে এলাকার সবুজ নামে একজন রিকশা চুরি করে ধরা খায়। সেই সবুজকে ছাড়িযে দেয় রয়েল। এ বিষয় নিয়ে রয়েলের সঙ্গে পলাশের কথা-কাটাকাটি হয়। সেই জের ধরে রয়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত পলাশের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার সোনাপুর গ্রামে। বর্তমানে সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় থাকতেন। গত ৬ মাস আগে মরিয়ম আক্তারকে বিয়ে করে। পলাশ আগে প্রাইভেটকার চালাতেন। বর্তমানে বেকার ছিল। তিনি বিএনপির রাজনীতি করতেন। কিছুদিন আগে এলাকার রয়েল নামে একজনের সঙ্গে পলাশের মারামারি হয়েছিল। আজকে কে বা কারা পলাশকে হত্যা করেছে জানি না। তবে এই হত্যাকাণ্ডের বিচার চাই।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, সবুজবাগ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে টিম কাজ করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন