২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার দাবি, ফিফার পাওনা পরিশোধের পর বাকি অর্থের বড় অংশ মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়।
রোববার (১৯ জুলাই) সচিবালয়ে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০২২ বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফাকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছিল। তবে এর বাইরে প্রায় ১৪০ কোটি টাকা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে, যার তদন্ত চলছে।
তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতিতে সম্প্রচারস্বত্ব ব্যবস্থাপনা করা হয়েছে। ফিফার পাওনা ৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার সাব-লাইসেন্সিংয়ের মাধ্যমেই আদায় হয়েছে।
এ ছাড়া অবশিষ্ট ২ থেকে ৩ কোটি টাকাও একই প্রক্রিয়ায় উঠে আসবে। ফলে এবারের বিশ্বকাপ সম্প্রচারে সরকারের সরাসরি ব্যয় কার্যত শূন্যের কোটায় নেমে এসেছে।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্বকাপ সম্প্রচারের নামে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং মধ্যস্বত্বভোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি আরও দাবি করেন, বিদ্যুৎ খাতেও আগের সরকার আইন করে দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছিল।
তথ্যমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে বিশ্বকাপ সম্প্রচারে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো, ব্যয় কমানো এবং সম্প্রচার ব্যবস্থাকে আরও লাভজনক করার লক্ষ্যে কাজ করছে সরকার।
খুলনা গেজেট/এনএম

