সাংবাদিকদের পাশাপশি, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, অনলাইন গণমাধ্যমগুলো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করছিল বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, হাসিনা একদিনে তৈরি হয়নি, ফ্যাসিস্ট হয়নি। অনেক সাংবাদিকরা শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিলে বলতো আপা এভাবে না নিয়ে ওভাবে নেন। সাংবাদিকদের পাশাপশি দেশের অনেক টেলিভিশন চ্যানেল ও পত্রিকা হাসিনার জন্য কাজ করেছে। সাংবাদিকদের খুন করতে বলা হয়েছিল বলেই পুলিশ সাংবাদিকদের ওপর গুলি চালায়। শেখ হাসিনার আমলে যারা সত্যিকারের অর্থে সাংবাদিকতা করত তাদের সন্ত্রাসী বলা হতো। খুব ভয়াবহ একটা সময় গেছে আমাদের জন্য। পুরো জুলাইয়ে মারা গেছে ৫ জন সাংবাদিক। স্বাধীনতার পর এই প্রথম এত সাংবাদিক মারা গেছে। যে টিভি চ্যানেল বা গণমাধ্যমগুলো অন্য বিষয়ে একটু উল্টাপাল্টা হলে লেখালেখি করে তোলপাড় শুরু করে দেয়, সে মিডিয়াগুলো সাংবাদিক খুনের বিষয়ে চুপ। একটা লেখা তাদের দেখতে পাবেন না।
তিনি বলেন, জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, জুলাই আমাদের জন্য অনেকদিন ধরে থাকবে। বর্তমান সরকার খুব সহনশীল সরকার। তারা কোনো সহিংসতা পছন্দ করেন না। বাংলাদেশের ১৭ বছরের সাংবাদিকতার হিসাব নেওয়া প্রয়োজন। এটা আগামীর জন্য খুব প্রয়োজন। স্বৈরাচারের আপনি মেনে সাংবাদিকতা করবেন এই সুযোগ বাংলাদেশে শেষ হয়ে গেছে।
খুলনা গেজেট/এনএম/এএজে

