৪৭তম বিসিএসের পশুসম্পদ ক্যাডার ও নন-ক্যাডারের সংশোধিত ফল প্রকাশ

গেজেট প্রতিবেদন

২০২৪ সালের ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে বড় ধরনের সংশোধন এনে বিসিএস (পশুসম্পদ) ক্যাডার ও ৬টি নন-ক্যাডার পদের পরিবর্তিত নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।

নতুন এই সংশোধনীতে পশুসম্পদ ক্যাডারে আরও ১৪ জন প্রার্থীসহ ৯ম ও ১০ম গ্রেডের বেশ কয়েকটি নন-ক্যাডার পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, গত ২৮ জুন ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ০৬-এর শর্তানুযায়ী ও একই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় একটি প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডার পদে নতুন করে আরও ১৪টি রেজিস্ট্রেশন নম্বর সংযোজন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের অধীনে ‘ভেটেরিনারি সার্জন, সায়েন্টিফিক অফিসার, লেকচারার, স্টোর অফিসার বা সমমানের পদে’ চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৮ জনে। আগের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ক্যাডার পদের যে ফলাফল প্রকাশ করা হয়েছিল, নতুন এই সংশোধিত তালিকাটি তার স্থলাভিষিক্ত হবে।

ক্যাডার পদের এই সংশোধনের ধারাবাহিকতায় এবং এর প্রভাবে নন-ক্যাডার পদের ফলাফলেও বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন সংশোধিত বিজ্ঞপ্তির অধীনে ৯ম ও ১০ম গ্রেডের মোট ৬টি নন-ক্যাডার পদের ফলাফল পরিবর্তিত আকারে প্রকাশ করা হয়েছে। ৯ম গ্রেডের পদগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বা সমমানের পদে’ চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১০ জন প্রার্থী এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘সহকারী পরিচালক’ পদে মনোনীত হয়েছেন ১ জন প্রার্থী।

একই সঙ্গে ১০ম গ্রেডের নন-ক্যাডার পদগুলোর ফলাফলেও বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। সংশোধিত ফল অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের ‘খাদ্য পরিদর্শক বা সমমানের পদে’ মোট ৪৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ৫৮ জন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে ‘সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার’ পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ১৯ জন প্রার্থী। পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন জাতীয় রাজস্ব বোর্ডের ‘কর পরিদর্শক’ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট ৩১ জন প্রার্থী।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন