গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে নাজমুল হাসান (২৮) নামে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড ও দু’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদকসেবী হলেন, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বহরাবাড়ী গ্রামের আবু তালেব মিয়ার ছেলে নাজমুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, উপজেলার বহরাবাড়ী গ্রামে মাদক সেবন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এসময় মাদক সেবনকালে হাতেনাতে নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদণ্ড ও দু’শ টাকা জরিমানা করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

