কাতারের সাবেক আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সোমবার (১৩ জুলাই) গুলশানস্থ কাতার দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।
মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ কাতারে সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।
এছাড়া কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।
রবিবার এক বিবৃতিতে কাতারের আমিরের কার্যালয় দেশটির সাবেক আমিরের মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে আল থানির বয়স হয়েছিল ৭৪ বছর। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন। ২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন। এরপর কাতারের আমির হন তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি।
খুলনা গেজেট/এএজে

