গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুপুরে হরিদাসপুর এলাকায় মধুমতি নদীর বিল রুট চ্যানেলে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

