গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত আমির হামজা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখির পাড় গ্রামের শুকুর আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু আমির হামজা তার মায়ের সঙ্গে বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে ছাগল আনতে যায়। সেখানে হঠাৎ একদল ভিমরুল শিশুটি ও তার মায়ের ওপর আক্রমণ করে। তাদের চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এরপর তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরে স্বজনরা আমির হামজাকে বাড়িতে নিয়ে যান। কিন্তু বিকেলে শিশুটি আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে আবারও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এএজে

