স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সব ক্লিনিকে আগামী শনিবারের মধ্যে নরমাল ডেলিভারির জন্য রুমের ব্যবস্থা করতে হবে। ব্যর্থ হলে লাইসেন্স বাতিল করা হবে। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে দাইয়েরা সন্তান প্রসবে সহযোগিতা করতেন, সেটা ছিল গ্রামের সৌন্দর্য। আজকে সেই গ্রামের পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে বেশির ভাগ সিজার করে। তবে সিজারে বাচ্চাদের শাল দুধ দেওয়া হয় না। এটা পুষ্টির ঘাটতি।
হাম প্রসঙ্গে তিনি বলেন, আগে হামকে ঘামাচির বড় ভাই বলা হতো। কিন্তু এখন হাম ঘাতক। হাম হয় পুষ্টির অভাবে। সন্তান ও মায়ের স্বাস্থ্যের উন্নতি ছাড়া সুষম অর্থনীতি গড়ে তোলা যাবে না।
তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় স্যালাইনের কোনো সংকট নেই। পুরোপুরি সুস্থ না হলে রোগীদের হাসপাতাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
খুলনা গেজেট/এনএম

