কক্সবাজারে পৃথক পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

গেজেট প্রতিবেদন

টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে অন্তত আট রোহিঙ্গাসহ নয় জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে বিভিন্ন আশ্রয়শিবির ও কক্সবাজার শহরের জানারঘোনায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

রোহিঙ্গাদের ভাষ্য, ১৫ নম্বর আশ্রয়শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে একটি আশ্রয়কেন্দ্র মাটিচাপা পড়ে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের মধ্যে রয়েছে বাবা, মা এবং চার বছর বয়সী এক শিশু। দুর্ঘটনার সময় আশ্রয়কেন্দ্রটিতে পরিবারের ১০ সদস্য ছিলেন। এ সময় আহত এক কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সদস্যদের জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড় ধসে মারা গেছে মো. একরাম (৭) নামে এক রোহিঙ্গা শিশু।

অন্যদিকে ১১ নম্বর আশ্রয়শিবিরের সি-১১ ব্লকে আরেকটি পাহাড়ধসে নিহত হন একই রোহিঙ্গা পরিবারের চারজন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘সবকটি ঘটনা কাছাকাছি সময়ে ঘটেছে। এই পর্যন্ত ৮ জনের মরদেহ এবং দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা চাপা পড়ে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন