দেশবরেণ্য লেখক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রবিবার (৫ জুলাই) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে এক রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে। আগামীকাল সোমবার তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন স্থানে নেওয়া হবে।
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ও জানাজার সময়সূচি নিচে দেওয়া হলো:
ফজরের নামাজ শেষে: পল্লবীর স্থানীয় মসজিদে প্রথম জানাজা।
সকাল ১০:০০ – ১০:৩০: বাংলা একাডেমি প্রাঙ্গণ।
বেলা ১১:০০ – ১২:০০: কেন্দ্রীয় শহীদ মিনার।
দুপুর ১২:০০ – ১:০০: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণ।
বাদ জোহর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা।
পরিবার সূত্রে জানা গেছে, সব আনুষ্ঠানিকতা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বজনরা।
আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মন মনন গঠন করার ক্ষেত্রে আবুল কাশেম ফজলুল হকের তুলনা তিনি নিজেই। তার মৃত্যুতে দেশ ও জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। সমাজ পরিবতনের স্বপ্ন যারা দেখেন তাদের কাছে আবুল কাশেম ফজলুল হকের বই ছিল আকর্ষণীয়। তার আত্মার চিরশান্তি কামনা করছি। সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।
খুলনা গেজেট/এএজে

