গোপালগঞ্জে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের খাদে পড়ে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নৃপেন চন্দ্র দাস বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস সোনাসুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নারী-শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খুলনা গেজেট/এএজে

