দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে পরিচালিত জাতীয় পর্যায়ের একটি গবেষণার ফলাফলে উঠে এসেছে, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের অবৈধ মাদক ব্যবহার করছেন। যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের জন্য বিধি অনুসারে নির্বাচিত ঢাকা মহানগর এলাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণের জন্য এই আয়োজিত করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের আবির্ভাবের ফলে মাদকদ্রব্যের অপব্যবহারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। বিপুল সংখ্যক তরুণ আজ মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের এখনই চিকিৎসা প্রয়োজন। এ লক্ষ্যে বর্তমান সরকার মাদকাসক্তির চিকিৎসা সেবাকে উন্নত ও সহজলভ্য করার জন্য কাজ করছে।
তিনি জানান, সরকারিভাবে পরিচালিত ঢাকার তেজগাঁওয়ে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ ৩টি বিভাগীয় শহরে স্থাপিত নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান। ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭টি বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহে ২০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাদকাসক্তদের চিকিৎসা শেষে প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূল স্রোতে পুনর্বাসিত করা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো যথেষ্ট নয়।
এ সময় তিনি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে বিধিমালা ও জাতীয় গাইডলাইন অনুসরণ করার আহ্বান জানান।
খুলনা গেজেট/এএজে

