রাজধানীর বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালকও মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানীর একটি বাসা থেকে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত থেকে ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এতে সহযোগিতা করে বনানী থানা পুলিশ।
এ বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে এসেছিল। শুনেছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
অপরদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম বলেন, ‘নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। কিন্তু অভিযানে থাকা দল এখনো আসামিকে থানায় নিয়ে আসেনি।’
পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ২০২৫ সালে একটি মামলা হয়। যার মামলা নং-১৫৯। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তারপর তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা গেছে, নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনার অভিযোগে ওই মামলাটি করা হয়েছিল।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা নাম-পরিচয় গোপন রাখার শর্তে জানান, বনানীর ওই বাসার সামনে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করলেও ভবনের ভেতরে পুলিশ প্রবেশ করতে পারছিল না। ভেতরে অবস্থানরত শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করে বাধা সৃষ্টি করেছিল।
খুলনা গেজেট/এনএম

