গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী বেগম তিন সন্তানের জননী। মাকে হারিয়ে দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা।
নিহতের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন অজুহাতে তাঁর বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। রবিবার রাতে তাঁকে আবারও নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে শিল্পী বেগমের মৃত্যু হলে তাঁর মরদেহ গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্ত স্বামী। তিনি এ ঘটনার বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইকবাল সিকদার পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনা গেজেট/এএজে

