জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (১৩ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের অন্যতম বড় বাধা। তবে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ। প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় ঢাকা।’
বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।
এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার।’
তিনি আরও জানান, সরকারের উন্নয়ন উদ্যোগে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ বাড়ছে। স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের সুফল দেশের সব মানুষের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
খুলনা গেজেট/এনএম

