বুধবার । ১০ই জুন, ২০২৬ । ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালক শহিদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোপঝাড় থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, ৬ জুন সকালে তার ভাই ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তারা জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ শহিদুলকে সঙ্গে নিয়ে গিয়েছিল। তাদের দাবি, ইজিবাইক ছিনতাই করে শহিদুলকে হত্যা করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় নিখোঁজ ডায়েরি হওয়ার পর গত ৯ জুন শহিদুলের ইজিবাইক মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি রাস্তার পাশের ঝোপঝাড় থেকে শহিদুলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন