বৃহস্পতিবার । ২রা জুলাই, ২০২৬ । ১৮ই আষাঢ়, ১৪৩৩

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

গেজেট প্রতিবেদন

ইসলামী ব্যাংকের চলমান অস্থিরতার কারণে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১০জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ উদ্যোগ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে একদল গ্রাহকদের মধ্যে মতবিরোধ এবং বিক্ষোভের ঘটনা ঘটেছে। টানা বিক্ষোভ কর্মসূচির কারণে আতঙ্কে ব্যাংকটি থেকে আমানত তোলা শুরু করেছেন গ্রাহকরা।

জানা গেছে, গত ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানতকারীরা ব্যাংক থেকে ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছে, যার কারণে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হয়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চাওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন