সরকারের অভ্যন্তরীণ সম্পদ তথা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণে বড় ধরনের ধাক্কা লেগেছে। টানা দুই অর্থবছর ধরেই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিগত এবং চলমান অর্থবছরের রাজস্ব আদায়ের এ চিত্র তুলে ধরেন।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্যমতে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের অংশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। তবে বছর শেষে এই বিশাল অংকের বিপরীতে বাস্তবে আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ দশমিক শূন্য ৪ কোটি টাকা। অর্থাৎ বছরের শুরুতেই যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, বছর শেষে তা থেকে অনেক দূরেই থেমে যেতে হয়েছে এনবিআরকে।
একইভাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং অর্জনের গতিতে বড় ধরনের ব্যবধান দেখা যাচ্ছে। এই অর্থবছরে মোট ৫ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে এপ্রিল ২০২৬ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ দশমিক ২৭ কোটি টাকা। তবে এপ্রিল পর্যন্ত সাময়িক হিসাব অনুযায়ী আদায় হয়েছে মাত্র ৩ লাখ ২৬ হাজার ৯২৮ দশমিক ১৬ কোটি টাকা।
খুলনা গেজেট/এএজে

