মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপারসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৯ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকার সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন ও সোমবার (০৮ জুন) রাতে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এনার্জি পাম্পের সামনে এসব দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মাসুদ রানা (৩৫) ও কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের কাদিরপাড়ার শওকত হোসেন মিঠু মুন্সী (৪০)।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১২-৬৯৯৬) গেড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের (ঢাকা-মেট্রো-ম-১১২৭৬৯) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনে অংশ দুমড়ে মুচড়ে গেলে কাভার্ড ভ্যানের হেলপার গাড়ির ভেতরে আটকে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কাশিয়ানী থানার ওসি মো: মাহফুজুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ী যাচ্ছিলেন শওকত হোসেন মিঠু মুন্সী। এসময় তিনি পোনা এলাকার এনার্জি পাম্পের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন