শুক্রবার । ৫ই জুন, ২০২৬ । ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

গেজেট প্রতিবেদন

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিনি ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

আগামীকাল শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হবেন। এরপর রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।

পরদিন শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্কের নিয়মিত ধারাবাহিকতা নয়; এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তুরস্ক দ্রুত ঢাকার সঙ্গে যোগাযোগ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগও বেড়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন