গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দোলা পাম্প এলাকার কাছে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।
ছাত্রলীগের বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, এটি পুরোনো ভিডিও হতে পারে, অথবা ঘটনাটি ১-২ মিনিটের মধ্যেই ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা হিমেলের নেতৃত্বে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “বারবার দরকার, শেখ হাসিনার সরকার”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “ইউনূসের চামড়া তুলে নেব আমরা”, “ইউনূসের দুই গালে, জুতা মারো তালে তালে”।
পরে নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করলে কিছু যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে খুঁজে পায়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি আগের। তবে যদি ঘটনাটি ঘটেও থাকে, তারা ১-২ মিনিটের বেশি সেখানে ছিল না। পুলিশ গিয়ে কাউকে পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
খুলনা গেজেট/এএজে

