সোমবার । ১লা জুন, ২০২৬ । ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

উত্তর ও দক্ষিণ সিটির সেই দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গেজেট প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অসদাচরণের অভিযোগে অভিযুক্ত এই দুই কর্মকর্তাই সরকারের উপসচিব পদমর্যাদার।

তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর সাবেক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। এর আগে দায়িত্ব অবহেলার দায়ে তাদের তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার স্বার্থে তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার পরদিন গত শুক্রবার কাউকে কিছু না জানিয়ে রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে স্বশরীরে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা নিজে গাড়ি চালিয়ে পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, এই সমস্ত এলাকায় বর্জ্য অপসারণে চরম অবহেলার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তার নির্দেশনায় দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়, যার ধারাবাহিকতায় আজ এই বরখাস্তের আদেশ জারি করা হলো।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন