সোমবার । ১লা জুন, ২০২৬ । ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানের দুই যাত্রী। আজ সোমবার (০১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো: মোমেনুল ইসলাম দুর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালক আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁ এর ছেলে।

পরিদর্শক মো: মোমেনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক আইয়ুব খাঁ ঘটনাস্থলে নিহত এবং অপর দুই ভ্যানযাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন