গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রাম থেকে ওই মাদক সম্রাজ্ঞীকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (০১ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃষ্টি মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
ডিবির উপপরিদর্শক সঞ্জয় মালো জানান, মাদকের বড় চালান বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ী গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচা মালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর অবস্থান নেয় একটি দল। এসময় ওই স্থান থেকে মাদক সম্রাজ্ঞী বৃষ্টি মন্ডলকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বৃষ্টি মন্ডল জানায় সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

