সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এতে এক সাংবাদিকসহ আহত হয়েছেন আরও চারজন। রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার এবং শনিবার (২৩ মে) রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজ সিকদার (২১) গোপালগঞ্জ শহরতলীর মৌলভীপাড়া এলাকার মামুন সিকদারের ছেলে। তবে অপর নিহত শ্রমিকের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহত সাংবাদিক হলেন এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেড়ারবাজার এলাকায় পৌরসভার টোল আদায় করছিলেন রাজ। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে ধান কাটা শেষে ভাগে পাওয়া ধান নিয়ে একটি ট্রাকে করে বাগেরহাট জেলার রামপালের বাড়িতে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ট্রাকটি ওড়াকান্দি ঠাকুর বাড়ি ব্রিজে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ফেলে দেয়। এতে ধানের বস্তার নিচে চাপা পড়ে ওই অজ্ঞাত শ্রমিক নিহত এবং আরও ৩ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে। রাতেই মরদেহ নিয়ে যাওয়ায় ওই শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জ ফিরছিলেন এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। মোটরসাইকেলটি নড়াগাতি থানার ইসলামপুর এলাকায় পৌঁছালে অপর একটি মোটরসাইকেল সেটিকে ধাক্কা দেয়। এতে সজীব বিশ্বাস মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন