শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়িতে বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. সাজিদ মোল্লা (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কংশুর গ্রামের মো. সোহেল মোল্লার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিল।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সাথে কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে ফুফু মিনা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিল সাজিদ। সন্ধ্যার দিকে সে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নেমে হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করে এবং তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন