সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩
রামিসার বাসায় প্রধানমন্ত্রী

‘এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে করতে চাই’

গেজেট প্রতিবেদন

ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার রামিসার পরিবারকে শোক ও সমবেদনা জানাতে মিরপুরের পল্লবীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে রামিসার মা-বাবার সঙ্গে দেখা করতে সেখানে পোঁছান প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এই অন্যায়ের সাথে যে জড়িত, তার বিচার আমরা আগে করতে চাই। তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য্য ধরতে হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষ করেই তিনি সরাসরি রামিসার বাসার উদ্দেশে রওনা দেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক শেষে রাতেই নিহত রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার খবরে রামিসার পরিবারের ভাড়া বাড়িতে ও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

প্রথমে ওই বাসা থেকে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এ ঘটনায় নানা মহল থেকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে। বর্বরোচিত এ ঘটনায় জড়িত অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতে বৃহস্পতিবার সকালে পল্লবী থানা ঘেরাও হয়েছে এবং রাতে কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

অন্যদিকে নৃশংস এ ঘটনার প্রতিবাদে রাজধানীর বাইরেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। এর মধ্যে নোয়াখালীতে এ ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। শিশু রামিসার গ্রামের বাড়ি শেরপুরে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের ব্যানারেও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্যকালে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান বক্তারা। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়ে এ ঘটনার দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি সম্ভাব্য সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে শিশু রামিসা হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন