সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে যেসব অধ্যাদেশ পাস হয়নি, সেগুলো এখন পুনর্বিবেচনা বা রিভিউ করার প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
চিফ হুইপ মনি বলেন, বৈঠকে আসন্ন বাজেট অধিবেশন, নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং সংসদীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, আগামী রবিবার সংসদের সাউন্ড সিস্টেম–সংক্রান্ত সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে একটি প্রেজেন্টেশন দেওয়া হবে।
মনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, যেমন তেলের সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি বিদ্যুৎ সমস্যাও সরকার ও বিরোধী দলের যৌথ প্রচেষ্টায় সমাধান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
খুলনা গেজেট/এএজে

