সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল (নীল প্যানেল) নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিই বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩টিতে। জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।
নীল প্যানেল থেকে বিজয়ীরা হলেন—সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, দুটি সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহসম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
এ ছাড়া সদস্য পদে মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী বিজয়ী হয়েছেন।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সদস্য পদে এ কে এম রেজাউল করিম খন্দকার বিজয়ী হয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি। গত ২৬ এপ্রিল সমিতির সাধারণ সভায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
খুলনা গেজেট/এনএম

