বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

ফরিদপুরে মা ও শিশুকন্যার মাটিচাপা মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার একটি পুকুর পাড়ে মাটিচাপা অবস্থায় এক নারী এবং তার কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা মাটি খুঁড়ে মরদেহের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত গৃহবধূর নাম জাহেনা আক্তার (৩২) এবং তার আড়াই বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের পরিবারের সূত্রে জানা যায় গত ৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে গিয়ে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তারা একটি কুকুরকে মাটি খুঁড়ে মরদেহের পা কামড়াতে দেখে। তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে জানায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ দুটির সন্ধান পায়।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মণ্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন