মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিন্দা

গেজেট প্রতিবেদন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। এই হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। তারা হলেন- সাতক্ষীরার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। দূতাবাসটি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে।

এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন