মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপ, কাল থেকে বৃষ্টি বাড়বে যেসব অঞ্চলে

গেজেট প্রতিবেদন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এছাড়া সারা দেশে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি টানা কয়েক দিন থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। এই বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামীকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ১৬ মে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রমেঘের কারণে গত রোববার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির মাত্রা আরও বাড়বে। আজ মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টি বাড়তে থাকবে। এছাড়া ময়মনসিংহ, সিলেট এমনকি ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আমার দেশকে বলেন, চলতি সপ্তাহে সারা দেশেই কম-বেশি বৃষ্টি হবে। তবে ভারি বৃষ্টি হতে পারে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে। এটি কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এটি সম্পর্কে আরও ২৪ ঘণ্টা পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এর পরই বোঝা যাবে লঘুচাপটি শক্তিশালী হবে কি না, কিংবা শক্তিশালী হলে উপকূলের কোথায় আঘাত হানবে। তবে এর প্রভাব বাংলাদেশে না-ও পড়তে পারে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন