সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) বেপরোয়া গতির বাস, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এসব দুর্ঘটনায় নিহতদের পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাগুলো ঘটেছে সুনামগঞ্জ ও ময়মনসিংহের মুক্তাগাছায়।
সুনামগঞ্জ
সিলেটের দক্ষিণ সুরমায় ৯ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাস ও অটোরিকশা উভয়ই ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ চালকসহ আরও ৪ জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন বাকি একজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
ময়মনসিংহ
ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারী আইনজীবীসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৪ মে) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান। তারা হলেন- ময়মনসিংহ জেলা বারের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) এবং তার মেয়ে খুশনুর জান্নাত রিনতি (১১)। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়; তার পরিচয় এখনো জানা যায়নি।
টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
নাটোর
নাটোরের লালপুরে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল উপজেলার বিলমাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে। সোমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে আশরাফুল ইসলাম মাকে মোটরসাইকেলে নিয়ে লালপুরের ত্রিমোহনীতে যান। সেখানে মাকে নামিয়ে দিয়ে পেট্রল নেয়ার জন্য ১০০ মিটার দূরে লালপুর ফিলিং স্টেশনের দিকে রওনা হন। ফিলিং স্টেশনে ঢোকার আগমুহূর্তে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। নিহত ঝন্টু মোল্যা জেলার সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আকবর মোল্যার ছেলে। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ওই দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সবগুলো দুর্ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

