গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক ও সরকারি খালের ওপরে ইউনিয়ন পরিষদ নির্মিত একটি বাঁশের সাঁকো বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামের অন্তত ৩২টি পরিবার।
ইতোমধ্যে ভুক্তভোগীরা এই সমস্যার সমাধানে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন বলছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের সীতারামপুর গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে বিআরএস জরিপের ২৮১৩ নম্বর দাগের ওপর দিয়ে একটি সড়ক নির্মাণ করে দেয় পুইশুর ইউনিয়ন পরিষদ। এই সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় গ্রামবাসীর।
কিন্তু গত ১৫ এপ্রিল হঠাৎ করেই স্থানীয় প্রভাবশালী স্বপন শরীফ ও রমজান শরীফ নিজেদের জায়গা দাবি করে সড়কটির মাটি কেটে এবং বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এসময় আংশিক ভেঙে দেওয়া হয় ওই সড়কের মাঝে সরকারি খালের ওপরে নির্মিত একটি বাঁশের সাঁকো।
এতে ওই গ্রামের ৩২টি পরিবার এখন নিজ বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে এসএসসি পরীক্ষার্থীসহ স্থানীয়দের স্কুল-কলেজ, হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যাওয়া-আসা প্রায় বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
তবে এই জমির মালিকানা দাবি করে অভিযুক্তরা ইউনিয়ন পরিষদের কাজ করার কথা স্বীকার করলেও চলাচলের রাস্তা দিতে রাজি নন।
ঘটনার পর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা মেনে নেয়নি। ফলে ওই সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়েছে পড়েছে গ্রামবাসীর।
স্থানীয় পুইশুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য পিল্টন শিকদার বলেন, “বিষয়টি নিয়ে আমরা স্থানীয় তহশিলদারকে নিয়ে একাধিক সালিশ-মীমাংসা করেছি। কিন্তু স্বপন শরীফ ও রমজান শরীফ সালিশ-মীমাংসা না মানায় কিছু করা যাচ্ছে না। তারপরও বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।”
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া বলেন, “এ ব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয় তহশীলদারকে দায়িত্ব দিয়ে উভয় পক্ষদের ডেকে বিষয়টি সমাধান করা হবে।”
খুলনা গেজেট/এনএম

