শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে : শিক্ষামন্ত্রী

গেজেট প্রতিবেদন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছর জুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে। এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালসারের মাধ্যমে এভাবে সারাদেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিল। আজকে তারই জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারাদেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে তিনি এই অনুষ্ঠান শুরু করেছেন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি, বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর প্রদক্ষেপ নেয়নি। আজকে প্রধানমন্ত্রী চাচ্ছেন, আনন্দের মধ্য দিয়ে শিক্ষা। খেলাধুলার মধ্য দিয়ে তাদের জীবনযাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ি শুরু করেছেন।

মিলন বলেন, শিক্ষামন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমকি, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যডভোকেট সলিম উল্যাহ সেলিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ ।

বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোটর্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযোগ হতে পারেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন