মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। পরে স্থানীয় পুলিশ অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নয়ন ফকির ও অভিযুক্ত হুমায়ুন ফকির টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে। তারা ইতালির লেইজ শহরে বসবাস করতেন।
জানা গেছে, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যার বিষয়টি স্বীকার করেন এবং নিহত ভাইয়ের মরদেহ দেখান। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়েই মূলত এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত।
নিহতের এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন। প্রথমে তিনি লিবিয়া যান, পরে সেখান থেকে ইতালিতে প্রবেশ করেন। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বে ইতালিতে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এনএম

