শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে স্টল ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: আরিফ উজ-জামান।

জেলা ও দায়রা জজ মোঃ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আশিকুজ্জামান, জেলা লিগাল এইড অফিসার বিচারক শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের এবং পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বক্তব্য রাখেন। এসময় বিচারকগনসহ আইনজীবী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
খুলনা গেজেট/এনএম

