ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিট পাঁচ দিন পর উৎপাদনে ফিরেছে। ফলে এখন দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে এটি চালুর পর আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বাড়তে শুরু করেছে। গত ২২ এপ্রিল ভোররাতে কারিগরি ত্রুটির কারণে এটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
এই যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। ফলে দেশে বেড়ে যায় লোডশেডিং।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও আদানির দায়িত্বশীল সূত্র বলছে, গত বুধবার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্কসংকেত পাওয়া যায়। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। মেরামতের পর সোমবার সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে এটি আবার চালু করা হয়েছে।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্মিত কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে মোট ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। এই বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়।
২০২৩ সালের মার্চে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হওয়ায় মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ১ হাজার ৫০০ মেগাওয়াটে পৌঁছে।
আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট চালুর বিষয়টি সোমবার রাতে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পিডিবির সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম।

