সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

শের-এ-বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-এ-বাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬২ সালের এ দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র ও আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তার অবদান ছিল। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। ১৯৫৪ সালের ১০ মার্চ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তার নেতৃত্বে যুক্তফ্রন্টের অভূতপূর্ব বিজয় হয়। তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। তার আমলেই ২১ ফেব্রুয়ারি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। তিনি ব্রিটিশ জামানায় জাতীয় পরিষদের উপ নির্বাচনে খুলনা সদর আসনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

এ উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে—মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন